আবদুস সালাম - এর একগুচ্ছ কবিতা

 

আবদুস সালাম - এর ফটো








পরিচিতি: আবদুস সালাম,
পিতা হাজী আব্দুস সহিদ হোসেন, মাতা হাজী হামিদা বিবি
জন্ম তারিখ: ১৭/০১/১৯৫৭।
     মূলত  ৯০ দশকের কবি ! প্রকাশিত কাব্যগ্রন্থ নিস্তব্ধতা এসে কথা কয় (২০১৭, কৃষ্ণসীস প্রকাশনা দূর্গাপুর), হলুদ পাতার মতো মৃত্যু ঝরে ( ২০১৮, দৌড় প্রকাশনা, হৃদয়পুর, বারাসত), অলীক রঙের বিশ্বাস (২০২০, চক্রবর্তী এন্ড সন্স পাবলিকেশন, কলকাতা), যৌথ কাব্যগ্রন্থ মেঘের রঙশীত প্রথম খন্ড, দ্বিতীয়  খন্ড (২০১৯, ২০২০ মহুয়া প্রকাশনা, কলকাতা)। প্রবন্ধ সংকলন (২০২৪, নোশন প্রেস, চেন্নাই), অস্তিত্বের ছেঁড়া স্বরলিপি (২০২৬ ড্রিম রা:ফ্ট পাব্লিকেশন, অরঙ্গাবাদ মুর্শিদাবাদ)।
নেশা:- বইপড়া আর যৎসামান্য লেখার চেষ্টা করা । একটু আধটু কাছে পিঠে ঘুরতে যাওয়া।
পূষন পত্রিকার তরফে পুরস্কার (নিস্তব্ধতা এসে কথা কয়) কাব্যগ্রন্থের জন্য । সঞ্চয়িনী পত্রিকার দেয়( পরের মা) গল্পের জন্য দ্বিতীয় পুরস্কার।এছাড়াও ত্রিনয়নী, আলাপ( কান্দি) অর্পণ( নলহাটি) দ্বাদশাঞ্জলী (পাঁচগ্রাম) কৃষ্ণসীস, শিল্প সাহিত্য( দুর্গাপুর) অর্ণব (উখড়া) নূর স্মৃতি পুরস্কার,  নতুন প্রহরী,(অরঙ্গাবাদ)।সম্প্রতি বাসভূমি পত্রিকা সি সি আই এর তরফে বিশেষ সম্মাননা ,ও মুর্শিদাবাদ জেলা গণনাট্য সংঘ( বহরমপুর) দিয়েছে বিশেষ সম্মাননা।সম্প্রতি বঙ্গীয় সাহিত্য অনুসন্ধান ট্রাস্ট দিয়েছে বিশেষ সম্মাননা (১৭মে২০২৬)।এছাড়াও অনেক জায়গায় সংবর্ধনা ও  সম্মাননা এসে জড়ো হচ্ছে ঝুলিতে।
      পশ্চিমবঙ্গ ছাড়াও দেশ বিদেশের বহু  পত্রপত্রিকায় নিয়মিত লেখা প্রকাশিত হয়ে চলেছে।



অপেক্ষা
আবদুস সালাম

শুধু কার্বন আর মিথেনে ভরপুর
বিষাক্ত পৃথিবী পরতে পরতে সাজানো বিরামহীন উপপাদ্য
মৃতময় পরজীবী বেদনার সাথে বেঁধেছি ঘর
বিড়ম্বনা নিয়েই ভাবছি মেঘবতীদের কথা 
   শুনবো শূন্য দুপুরের গান
প্রতিরোধের দেওয়াল ঠিক ভাঙবে দেখে নিও

কবিতার শব্দগুলো উনুনে হবে ভাজা
মৃদু সুবাসে ভাসবে চরাচর


নাচ
আবদুস সালাম

সত‍্য খুঁজে চলেছি প্রতিদিন
নিয়ন্ত্রণ রেখা বরাবর  চলে ফ্ল‍্যাগ মার্চ

আপোষহীন দরজায় মানবতা মাথা ঠুকে
চৈতন্য ধর্ষিত হয়
সন্ত্রাস  বাজায় ডুগডুগি
চৈতন্যের বাগানে চাঁদ  লজ্জায় মুখ ঢাকে
মহাশূন্যতা ঘিরে জন্মভূমি উথালপাথাল

স্বপ্ন কথারা বিপন্ন তত্ত্বের ব‍্যাখ‍্যা দেয়
তত্ত্ব সৈনিকেরা  ভাঁজে মুগুর
অসত‍্যের দরজায় সত‍্য মুখ ঘষ্টা খায়
দাঁড়ানোর জায়গা ক্রমে শুরু হয়ে আসে
আর্তনাদের পথে সত‍্য অন্ধের মতো হাঁটে

সহানুভূতির সব দরজা  বন্ধ হয়
সাধারণ মানুষ সত্যসন্ধানে দিন পাত করে
অবিশ্বাস দু'হাত তুলে  তাধিন তাধিন নাচে

অভিযান
আবদুস সালাম

কাকতাড়ুয়ার গায়ে ধর্মের নামাবলী
নিষিদ্ধ পোশাকে ঢেকে দিলাম ভারতবর্ষ কে

শব্দহীন চোখে তাই অনাগ্রহ যাপন
বিভৎস বর্ষা নেমে আসছে থিকথিকে উঠোনে
আমাদের অভিযানে মৃত্যু এসে ফ‍্যাকাশে জানালা খুলে দিল

মৃত ভবিষ্যতের হাত ধরে প্রাণপন চেষ্টা করলাম
ছুটলাম সূর্যদয়ের  দেশে
একটা স্নিগ্ধ সকালের রোদ নেমে এলো বারান্দায়

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url