জীবন সায়াহ্নে, কলমে - আবু কওছার (বাংলাদেশ)
জীবন সায়াহ্নে
আবু কওছার (বাংলাদেশ)
বয়স যখন ষাট ছুঁই ছুঁই করলো কে চুল সাদা?
চাকরির শেষে অবসরে গিয়ে বেতনটা পাই আধা।
খেতে গিয়ে দেখি দাঁত নড়বড় দেহ করে ছনছন,
চলিতে ফিরিতে দু'পা অস্থির মাথা ঘোরে ভনভন।
কোর্মা পোলাও বিরিয়ানি ভাত সুস্বাদু যত খানা,
কোলেস্টেরল সুগার বৃদ্ধি খেতে করে সব মানা।
চোখ আয়নায় ঝাপসা দৃষ্টি কুয়াশায় ঝিরঝির,
উতালপাতাল চিন্তায় মরি মন সদা অস্থির।
মূত্র পায়ুর স্বেচ্ছাচারিতা নেই যেন সমাধান,
শরীর মানেনা নিজের হুকুম সব কাজে ব্যবধান।
নাতিপুতি কোলে তুলিতে পারিনা শক্তিতে অপারগ,
বৈদ্য ওষুধ নিত্য সঙ্গী আরো কত দুর্ভোগ।
নরম বেডেতে শুইলেই দেখি কাতরায় স্পাইন,
জীবন হইলো ঝালাপালাময় মানেনা সব আইন।
একই হাতের রান্না খাইয়া কেউবা মোটা সবল,
উঠিতে বসিতে মাটি আর লাঠি কেবা করে দুর্বল?
স্বপ্ন পুরাতে জীবনাবসান ব্যস্ত প্রতিটা ক্ষণ,
কখন বাজিবে বিদায়ের বাঁশি ছাড়িতে এ ভুবন।।
