কবিতা - আকাঙ্ক্ষার লাগামহীন ঘোড়াটা ছুটিয়েছি অনন্তের পথে, কবি - আব্দুল মালেক




আকাঙ্ক্ষার লাগামহীন ঘোড়াটা ছুটিয়েছি অনন্তের পথে

আব্দুল মালেক 


জলে-স্থলে এই পৃথিবীর কোথাও 

যখন তোর কোনো অস্তিত্বই ছিল না

তখনই মনের ক্যানভাসে রংতুলিতে প্রাণবন্ত

একটা ছবি এঁকে ফেলেছি

আর আকাঙ্ক্ষার আরবি ঘোড়াটার  পিঠে চাবুক কষে লাগামহীন  ছুটিয়েছি অনন্তের পথে 


যাবতীয় ব্যর্থতা ও প্রাপ্তি চাপিয়ে দিয়েছি

আমার অপত্যেরন নরম কাঁধে

আর শাসনের চাবুক হাতে বলেছি: আমি পারিনি

তোকে পারতেই হবে 

সহজ-সরল সম্পর্কের আড়ালে

শৈশবটা কে করেছি চুরি, কৈশোর টা কে করেছি কণ্টকময়

অসম প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে টেনে এনে নামিয়েছি যুদ্ধের ময়দানে

তাই কত শত প্রাণ পৃথিবীর ডালে ফুল হয়ে ফোটার আগেই ঝরে পড়ছে নীরব অভিমানে


আমরা শৈশব ও কৈশোরের খাঁটি মধু পান করে

লাভ-লোকসানের নিক্তিতে ওদেরকে মাপছি

ওদের কোন চাওয়া পাওয়া নেই, হাসি-কান্না নেই

আমরা বানাতে চাইছি ওদের কে ইচ্ছেপূরণের আজব মেশিন


আরো আরো বেশি আরো বেশি ছুটতে হবে

অনেক অনেক দূরে আরো অনেক দূরে যেতে হবে

নিউটন, গ্যালিলিও, ডাক্তার, মাস্টার

আইপিএস অফিসার এমনি কিছু একটা হতেই হবে


আমরা কি পারিনা সন্তানের মাথায়

স্নেহ সিক্ত হাতে রেখে বলতে: ওসব কিছুই নয়

তোকে মানুষ হতে হবে?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url