কবিতা - ভ্যাললা তলার মাঠের গল্প, কবি - আব্দুল মালেক
ভ্যাললা তলার মাঠের গল্প
আব্দুল মালেক
ভ্যাললাতলার মাঠের পথের পাশে
সেই পুরানো ঝাকড়া গাছটা আজ আর নেই
তবু রাতের প্যাঁচার চোখের মতো ভয় আর ত্রাসের
গল্পটা থেকে গেছে মানুষের মনে মনে
ওইখানে নাকি পরীদের সাত বোনের
ভরা সংসার ছিল
অশরীরী আত্মার রাজত্ব চলতো অষ্টপ্রহর
কখনো কখনো দেখা যেত মৃত মানুষের লাশ
ঋতুবতী মাঠ ভরে উঠত শুন্যহাহাকারে
সভ্যতার আলোকমালায় অশরীরী আত্মারা
আজ পালিয়েছে দূর-দূরান্তে
অতীতের সে-সব প্রেতাত্মার নতুন সংস্করণ
আজ পৃথিবীর দেশে দেশে ক্ষমতার রাজদন্ড হাতে
আজ প্রেত নয়
মানুষ মানুষের ভয়ে মরে।
