নীল লোহার আকাশ, কলমে - গোলাম রসুল
নীল লোহার আকাশ
গোলাম রসুল
আমার মনে হয় আমি নরকে আছি
প্রতিটা নিঃশ্বাসে একটি করে যুদ্ধ জাহাজ উড়ে যাচ্ছে বসন্তের দিকে
অন্ধকারের সব কটা স্তর নিয়ে এই রাত প্রকাশিত
তারারা কাঁটাঝোপের গোলাপের মতো প্রস্ফুটিত
এবং কাঁটায় বিদ্ধ আকাশের লাশের সুতোয় ঝুলছে জীবন
এক ক্ষত যার মর্মে মর্মে বাঁধা বিষুবরেখা
রাতের উন্মাদগ্ৰস্ত যন্ত্রপাতিগুলো ছুটে চলেছে
অতিপ্রাকৃত আলোর ডায়নামাগুলো স্বর্গের সঙ্গে সেতুবন্ধ করছে
এই রাতে
চাঁদ কারাগারে
নীল লোহার আকাশ
মানুষ গলে জল হয়ে যাচ্ছে
আমাদের চলার পথ অপরূপ নদী হয়ে গেছে
