কবিতা - নামের আগে মানুষ, কবি - মো. নূরুল আমীন

 




সংক্ষিপ্ত পরিচিতিঃ
মো. নূূরুল আমীন (২ জুলাই,১৯৭০) লালমনিরহাট জেলার কাকিনার আলো বাতাসে বেড়ে ওঠেছেন। যেখানে জন্মেছিলেন ভারতীয় উপমহাদেশের খ্যাতিমান কবি শেখ ফজলল করিম সাহিত্য বিশারদ। পিতা - একাব্বর আলী, মাতা - মোছা. রাহেলা বেগম। তিনি কারমাইকেল কলেজ, রংপুর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। তিনি একাধারে কবি, লেখক, প্রতিবেদক, আবৃত্তিকার ও সম্পাদক। তিনি অনলাইনে নিয়মিত লেখালেখি করেন। তার অসংখ্য যৌথ কাব্যগ্রন্থসহ একক কাব্যগ্রন্থ 'মঙ্গাবায়' (২০০৯), 'কষ্টের লিরিক' (২০২৩) ও গল্পগ্রন্থ ' অতঃপর দীর্ঘশ্বাস' (২০২৩) খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। বর্তমানে তিনি গ্রন্থাগার প্রভাষক হিসেবে উত্তরবাংলা বিশ্ববিদ্যালয় কলেজ, কাকিনা, লালমনিরহাট - এ কর্মরত আছেন।


নামের আগে মানুষ
মো. নূরুল আমীন

ভুখা শরীর,
ক্লান্ত চোখের ভাঁজে জমে থাকা অনিদ্রার ইতিহাস—
তবুও কিছু মানুষ
আজও ঘামের গন্ধে নিজেদের পরিচয় লেখে।

হতাশাকে মুছে ফেলে
অদৃশ্য কারও করুণার আশায়—
আকাশের দিকে তাকায়,
যেখানে প্রতিশ্রুতি আছে,
কিন্তু নিশ্চয়তা নেই।

থালাভর্তি পান্তা ভাত—
পোড়া মরিচ, পেয়াজ, সরিষার তেলে
তারা খুঁজে পায় জীবনের ক্ষুদ্র উৎসব,
যেন দারিদ্র্যও কখনো কখনো
তৃপ্তির অভিনয় শেখায়।

নাকে জমে থাকা ঘাম,
চোখে-মুখে তৃপ্তির ঢেঁকুর—
এই সামান্য প্রাপ্তিতেই
তারা বাঁচার যুক্তি খুঁজে নেয়।

কিন্তু এই সমাজ, এই রাষ্ট্র—
যারা দূর থেকে দেখে
তাদের বেঁচে থাকার সংগ্রাম—
নির্দয় অবহেলায়
একটি মাত্র নামেই ডেকে ওঠে—

“শ্রমিক।”

যেন নামের আড়ালেই
মানুষটাকে মুছে ফেলা যায়।
                 ***

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url