কবি আমিনুর রহমান- এর একগুচ্ছ কবিতা

 




কালান্তর
আমিনুর রহমান

কালান্তরের বাঁকে,সংসার জীবনের ফাঁকে
অনেক হাসি,অনেক গল্প-গান-কবিতা থাকে
বাড়ির ভেতরে এমন কেউ একজন থাকুক
কতটুকু কষ্ট জমা রয়েছে বুক চিরে দেখুক।

মনের গলিতে মিশে থাকা রোদ্দুর আর মেঘ
কখনো গান ভাসে;কখনোবা কান্নার আবেগ
আগুন জলে নেভে বারেবার এই পথ ঘিরেই
মায়াবী সবুজ দ্বীপ ভাসে সেই একই চোখেই!

কি এক মানবের ছায়া! কি এক সমুদ্র মায়া!
আদিম যুগের প্রতিচ্ছবি যে;সে আমার কায়া!
এই সেই জমিন যেথা হতে হয়েছিল আবাদ
শিকার যুগ শেষে আধিপত্য দ্বন্দ্ব নিয়ে বিবাদ।

কামনা তৃপ্তির সেই বোধ সর্ব শরীর জুড়ে
কখনো দেখা হয়নি সভ্যতার কবর খুড়ে
আদিম,প্রস্তরযুগ,লৌহযুগ,তাম্রযুগ ছেড়ে
দাবী নিয়ে বসেছি আধুনিক যুগের খুঁটিগেড়ে।



মৃত্যু
আমিনুর রহমান


যদি মৃত্যু চলে আসে পিপীলিকার মতো
ভুলে যাবে সব আমার কবিতার কথা
রাতের তারা হয়ে জ্বলবো আকাশ পানে
দেখবো প্রেয়সীর বুকে কতটুকু ব্যথা।

নব জীবনের নোনা স্বাদে কম্পিত বুক
খেলা শেষে মাটির ঠিকানাতে হবে ঘর
নক্ষত্রের রুপালি উঠোনে ভীড় জমাবো
দেখবো কেবা ছিল আপন;কে ছিল পর।

আবেগ সূর্যটা ক্রমেই অস্তমিত প্রায়
দিগন্তের শেষ প্রান্তে মিশে গোঁধূলি হয়
যদি বসন্তের উদাস করা ঝড় হয়
কেউ বসনে জড়িয়ে নেবে স্নিগ্ধ-ছোঁয়ায়?

যার তরে রাত্রি ঝরেছে,ঝরেছে বিকাল
মরণবেলা মিনতি একবার সে আসে
যার চোখে আমি ছিলাম ঘৃণার পাহাড়
মৃত্যৃ-দিনশেষে সে যেন প্রাণভরে হাসে।

আমি চলে যাবো শতাব্দীর ব্যস্ততা ছেড়ে
ঝিঁ ঝিঁ পোকার ঘরে শোকে হবে আর্তনাদ
আমার কবিতার খাতা কাঁদবে অঝোরে
মিটে যাবে তোমাদের তরে করা আহ্লাদ।

আমার মৃত্যুটা জন্মের মতোই প্রাকৃত
যেমন বেলাশেষে ফুলের হাসি ঘুমোয়
পড়ন্ত বিকালের ডাক ভাসে সুরে সুরে
লুকাবো পৃথিবীর অাঁধার ছেড়ে আলোয়।



ঘর ফেরা পাখি
আমিনুর রহমান

আমি অনেকটা ঘর ফেরা পাখির মতোন
দিনশেষে ঘর যার নিরাপদ আশ্রয়
বাজারের কোলাহল ছেড়ে চাতক জীবন
সুর তালহীন বিভ্রমে জাগে সংশ্রয়।

এ জীবনটা ক্ষোভের-রাগের-অনুযোগের
দ্বিচক্র যানের মতো চেনা গন্তব্য ফেরা
আধো আলো সেও ভাল,ভ্রম মরিচিকা
এলোমেলো স্বপ্ন আর একঘেঁয়েমিতে ভরা।

অতৃপ্ত থাকে দেখতে শালিকের সহবাস
অতৃপ্ত থাকে দেখতে দুপুরের রোদ্দুর
অতৃপ্ত থাকে দেখতে কিশোরীর মৃগ স্তন
অতৃপ্ত থাকে দেখতে নীলাভ সমুদ্দুর।

পলক জুড়ানো চোখ চেয়ে অন্তহীন পানে
আকাশে আঁচড়ের লেখা দাগ স্তরে স্তরে
বুকের বসন বিলীন হয় মেঘমিলনে
প্রেম শরাব পান করি তীব্র তৃপ্তি ভরে।

জগৎ সংসারের সব লেনদেন চুকে
একবুক ক্ষুধা জাগে কামনার গলিতে
জলতেষ্টায় আশ্রয় নেবো প্রেয়সীর বুকে
যত কথা আছে লিখে যাবো কাল কালিতে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url