ইলমা বেহরোজ - এর ' আমি পদ্মজা ' উপন্যাসের আলোচনা, আলোচক - মোঃ ইজাজ আহামেদ

 




ইলমা বেহরোজ-এর লেখা 'আমি পদ্মজা'  উপন্যাসটি পড়ে শেষ করলাম। অসাধারণ একটি উপন্যাস। অরঙ্গাবাদ বইমেলায় আমার স্টল ছিল,  অনেকে এই বইটি আছে কিনা জিজ্ঞেস করছিলেন, তখন আমার মনে এই বইটি সন্বন্ধে কৌতূহল জেগেছিল। তারপর জঙ্গিপুর বইমেলায় বেশ কিছু স্টলে দেখেছিলাম এই বইটি। সেখানে বইটি কিনি। নতুন বইয়ের গন্ধে  কিছুটা পড়েছিলাম বইটি, পুরোটা পড়া হয়ে উঠেনি। স্কুল বন্ধ থাকায় কয়েকদিন থেকে আবার প্রথম পাতা থেকে পড়া শুরু করি। যত পড়া এগিয়ে যায়, ততই মনে বইটি শেষ করার আকাঙ্ক্ষা উঁকি মারে। অবশেষে গতকাল রাতে বইটি পুরোটাই পড়ে শেষ করেছি এবং বইটি পড়ে আমি অভিভূত। নারীদের উপর যে অকথ্য অত্যাচার হয় তার জ্বলন্ত দর্পণ হয়ে উঠেছে এই উপন্যাসটি। নারী চরিত্র কেন্দ্রীক এই উপন্যাস সমাজের ও অন্ধকার জগতের চিত্র সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছে। ভাগ্যের নির্মম পরিহাসে উপন্যাসটির নায়িকার  টিকে থাকার রোমাঞ্চকর সংগ্রাম নিয়ে এই উপন্যাসের আখ্যান গড়ে উঠেছে। অন্ধকার জগতের আবর্তনে দুই বিপরীত মুখী স্বামী - স্ত্রীর গভীর প্রেম, মনস্তাত্বিক, সামাজিক ও প্রকৃতির নৈসর্গিক চিত্র দারুণভাবে ফুটিয়ে তুলেছেন লেখিকা। চরিত্রগুলোর আবেগের প্রকাশের সঙ্গে সঙ্গে প্রকৃতিও আবেগ প্রকাশ করেছে - এই  চিত্রায়ন এক অন্য মাত্রা এনে দিয়েছে উপন্যাসটিকে। অসাধারণ শব্দ চয়ন ও মিষ্টি ভাষা মন্ত্রমুগ্ধ করে রাখে পাঠককে। দুই বিপরীত মুখী স্বামী - স্ত্রী তথা নায়ক - নায়িকার বৈপরীত্য আলেখ্য স্পষ্ট হয়ে ওঠে নায়কের 

কণ্ঠে - " আমি নিষ্ঠুর, তুমি মায়াবতী

আমি ধ্বংস, তুমি সৃষ্টি 

আমি পাপ, তুমি পবিত্র।

এত অমিলে কেন হলো মিলন?"


উপন্যাস - 'আমি পদ্মজা'

লেখিকা - ইলমা বেহরোজ 

প্রচ্ছদ - ফাইজা ইসলাম

প্রকাশনী - অন্যধারা 

পাতা - ৩৬৮

মূল্য - ৭৪৭ টাকা


আলোচক - মোঃ ইজাজ আহামেদ



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url