কবি প্রদীপ হালদারের একগুচ্ছ কবিতা

 


কবি পরিচিতি: প্রদীপ হালদার বাংলা সাহিত্যভুবনের এক উজ্জ্বল নাম, যিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার আহুতি বাটরা গ্রামের প্রকৃতির স্নিগ্ধতায় বেড়ে ওঠেন। শৈশব থেকেই তাঁর মনে লেখালেখির প্রতি গভীর আকর্ষণ জন্ম নেয়। স্কুলজীবনে ডায়েরির পাতায় অনুভূতি লিপিবদ্ধ করার মাধ্যমে তাঁর সাহিত্যযাত্রার সূচনা হয়। শিক্ষক ও সহপাঠীদের উৎসাহে তিনি ধীরে ধীরে নিজস্ব সাহিত্যিক পরিচয় গড়ে তোলেন।
কলেজজীবনে তাঁর লেখার পরিধি বিস্তৃত হয় এবং বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হতে থাকে। পরবর্তীতে মেডিকেল শিক্ষার কঠোর ব্যস্ততার মধ্যেও তিনি সাহিত্যচর্চা অব্যাহত রাখেন। মানুষের দুঃখ, কষ্ট ও জীবনসংগ্রাম তাঁর লেখাকে আরও গভীর ও মানবিক করে তোলে।
তিনি একাধিক একক কাব্যগ্রন্থ প্রকাশের পাশাপাশি বহু যৌথ গ্রন্থে অংশগ্রহণ করেছেন। তাঁর সহজ ভাষা ও গভীর অনুভূতি পাঠকের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও তিনি স্বীকৃতি অর্জন করেছেন।
প্রদীপ হালদার কেবল একজন লেখক নন, তিনি মানবিকতা ও সত্যের পথের একজন নিবেদিত মানুষ। তাঁর লক্ষ্য সাহিত্যকে মানবতার সেতুবন্ধন হিসেবে প্রতিষ্ঠা করা এবং ভালোবাসা ও শান্তির পৃথিবী গড়ে তোলা।



ঐক্য
প্রদীপ হালদার

কেনরে হিংসা,কেনরে বিবাদ
ধর্মে কর্মে মানুষে ভেদাভেদ,
শান্তির বাণী ছড়িয়ে দিয়ে
দূর করো মানুষের বিচ্ছেদ।

মানুষে মানুষে সংঘাত করে
ছুঁড়ছো কেন রক্ত বাণ,
যুদ্ধ নয় আর শান্তি চাই
গাওরে ঐক্যের গান।

ভুলে হানাহানি,মিলনের বাণী
দূর করো অন‍্যায় অবিচার,
গড়ব সবাই সুন্দর পৃথিবী
প্রতিষ্ঠা করো সুবিচার।

প্রীতির বন্ধনে নব জাগরণে
গাওরে সাম‍্যের গান,
যুদ্ধ নয় আর শান্তি চাই
বিদ্বেষ কর চির অবসান।

পৃথিবীর বুকে গর্জে উঠুক
মহামিলনের শক্তি,
মানবতার পথ নাও বেছে
হিংসাকে দাও মুক্তি।



শিক্ষাগুরুর মর্যাদা
প্রদীপ হালদার
তারিখ :- ০৯.০৮.২০২৫

শিক্ষাগুরু পথের আলো, জ্ঞানের দীপ্ত রথ,
তাঁর হাতে গড়ে ওঠে, জাতির মঙ্গলমত।
সত্য-মিথ্যা চিনিয়ে দেন, শেখান নীতি-পথ,
জীবন জয়ের কৌশল দেন, মানুষ গড়েন সৎ।

যে গুরু দেন শিক্ষা সোনা, মণি-মুক্তার ছায়া,
তাঁর ঋণ কি শোধ হয় বলো, থাকে মধুর মায়া !
আদর্শে যে গড়েন মানুষ, দুঃখ-ক্লান্তি সই,
তাঁর সম্মান দিতে গেলে, মাথা নত রই।

তিনি শুধুই পড়ান না, শেখান জীবনের গান,
তাঁর কথা মন ছুঁয়ে যায়, বাজে হৃদয় তান।
সকালে এসে স্কুলে তিনি, মুখে হাসির রেখা,
শিখিয়ে দেন ভালোবাসা, শিক্ষা কোনে একা।

বইয়ের মাঝে মিলিয়ে দেন, স্বপ্ন আর বিশ্বাস,
গুরুবচন হয় যে শেষে, জীবনের ইতিহাস।
মমতার আঁচলে বেঁধে, রাখেন প্রতিটি প্রাণ,
তাঁর ছায়াতে আহরণ করে ভবিষ্যতের জ্ঞান।

যেখানে গুরুর অবদান, অমান্য করোনা কেউ ,
তিনি জাতির রূপকার, হৃদয়স্পর্শী ঢেউ।
তাঁর কথায় শক্তি জাগে, হতাশা হয় দূর,
জীবনের সব জটিলতা হয় এক লহমায় সুর।

তিনি হোন এক সাদা খাতা, লেখেন জ্ঞানের কথা,
তাঁর কাছেই শিখি আমরা, সাফল্যেরই প্রথা।
জীবনের সব গন্তব্যে, গুরুর স্পর্শ লাগে,
তাঁর ছায়ায় পথ চলে যায়, স্বপ্ন মেখে অনাগে।

তাঁর মত সাহসী সৈনিক, জ্ঞান-যুদ্ধের এক মাথা ,
অজ্ঞতার আঁধার ঠেলে দেন, বিদ্যার জয়গাথা।
তাঁর হাতে গড়ে ওঠে, চিকিৎসক আর কবি,
তাঁর ছায়ায় বড় হয়েছে , যত মানবতার ছবি।

শুধু শ্রেণির চার দেয়ালে, নয় যে তার কাজ,
তিনি তো এক মহান গাথা, জীবনেরই সাজ।
তাঁর চোখে স্বপ্ন খেলা, শিক্ষারই দীপ্ত রথ,
তিনি থাকেন জ্ঞান বিতরণে, দেখান সঠিক পথ।

আচরণে নম্রতা শেখান, শিখান শ্রদ্ধাবোধ,
তাঁর স্পর্শেই সংশোধন হয়, সকল খারাপ বোধ।
গুরু ছাড়া গন্তব্য নেই, নেই পরিচয়,
তাঁর কাছেই পাথেয় মেলে, জ্ঞানের ঐক্যজয়।

তিনি যেমন দীপ্ত প্রহর, অন্ধকারে দীপ,
তাঁর কথায় আলো জ্বলে,জ্বলে জ্ঞানের প্রদীপ ।
তাঁর মতো কেউই দিতে পারে না এমন মধুর দান,
তিনি শুধু শিক্ষক নন, সে মহান আত্মবান।

তাইতো বলি গুরুর মতো কেউ হয় না আর,
তাঁর পদতলে রেখে দেই, শ্রদ্ধার অঞ্জলি সার।
জাতির শ্রেষ্ঠ সন্তান তিনি, মহাসততার ছবি,
তাঁর গড়া সমাজ তাই, আজকে কৃতিত্বের রবি।

হোক না তিনি গ্রামের একজন, বা শহরের কেউ,
গুরু সবার, তাঁকেই দেখে জীবন পায় এক ঢেউ।
তিনি ছড়ান আশার আলো, দেন অনুপ্রেরণা,
তাঁর শেখানো নীতিগুলো হয় প্রেরণার বর্ণনা।

তাই আজ আমরা সবাই, দিই গুরুকে মান,
তাঁর মর্যাদা রক্ষা করি, করি শ্রদ্ধা দান।
এই সমাজে, এই দেশে, হোক তাঁর স্বীকৃতি,
শিক্ষাগুরুর মর্যাদাতে, করিনা যেন বিকৃতি।




বিধাতার খেলা
প্রদীপ হালদার

অজানা কোন্ মায়াডোরে
রইলি রব'কে ভুলে,
পরপারে কড়ি বিনে
কেউ নিবে না তুলে।

হিসাবনিকাশ দিতে হবে
বিধাতার ওই ঘরে,
কখন জানি মরণ এসে
আমায় টেনে ধরে।

ভবের হাটে খেলতে এসে
রইলি পড়ে পিছে,
বিদায় বেলা দেখবি শেষে
যা করেছি মিছে।

স্বর্গ হতে প্রশান্তির দূত
নিত্য এসে বলে,
এসো তুমি স্বর্গধামে
ভুবন ছেড়ে চলে।

ইহকালের মনমাধুরীর
যেদিন হবে ইতি,
পড়ে থাকবে দালানকোঠা
ভুবন ভরা স্মৃতি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url