আয়ের আলোকদ্বার, রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল কবি, লেখক, শিক্ষাবিদ ও কথা-সাহিত্যিক

 












আয়ের আলোকদ্বার
রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি, লেখক, শিক্ষাবিদ ও কথা-সাহিত্যিক

শ্রম যদি শেকল হয়, জ্ঞান তবে মুক্তির ঘর,
ঘামের নদী শুকায় শেষে, বুদ্ধি থাকে অমর।
টাকার চাকা থেমে থাকে, শুধু বাহুর জোরে,
দৃষ্টির বীজে বৃক্ষ জন্মে, দূরদর্শী মন ভরে।

লোভের নগর ধোঁয়া ছড়ায়, জ্বলে দারিদ্র্য-রাত,
সঞ্চিত তেলে দীপ জ্বেলে, বদলে দাও ভাগ্যপাত।
স্বপ্নের বৈঠা ঘুমায় থাকলেও, আয়ের নৌকা চলে।
ঘুমের ভেতর স্বর্ণের সাম্পান, লাভের সুখে দোলে।

শ্রমের প্রদীপ নিভে গেলে, অর্থের স্রোত শুকায় যায়,
প্যাসিভ স্রোত সমুদ্রে পৌঁছে, আয়ের স্রোত খুঁজে পায়।
বিনিয়োগ তো বটের চারা, ধৈর্য ক্ষমতা জল,
জ্ঞানের মাঠে রোপণ করলে, কাঞ্চনে ভরে ফল।

রাজনীতির নাও কেঁপে ওঠে, বেকার লোকের রোষে,
অর্থ ছাড়া স্বপ্নের কুসুম, বৈরী হাওয়ায় খসে।
দক্ষতাকে বানায় নিলে, ডিজিটাল নাওয়ের পাল,
মেধাই গড়ে ভাবী দিনের, অর্থ সম্পদের জাল।

ক্ষুধার কাছে মানবতা, হারায় সততার ঘ্রাণ,
আয়ের নিক্তির ভাঙলে খুঁটি, টেকে না সভ্য প্রাণ।
একটা আয়ে জীবন শুকায়, রেখো নিত্য স্মরণ,
বহুমুখী স্রোতেই জাগে, লাভের মুক্ত চরণ।

শ্রমের আলোয় সঞ্চয় বৃক্ষে, জ্ঞানের ফলন ফলে,
অর্থ-ঘোড়ার কষলে লাগাম, নিজের কথায় চলে।
জ্ঞান-শ্রমে গড়া পথেই, মুক্তির আলো জ্বলে, 
আয়ের স্রোতে বোধের ভেলা, উজান গাঙে চলে।

সাবেক বিভাগীয় প্রধান, প্রাণিবিদ্যা বিভাগ,
সরকারি তিতুমীর কলেজ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট আইনের সর্ব স্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url