কবিতা - রইবো না আর অন্ধকারে, কমে হোসনেয়ারা স্বরলিপি
রইবো না আর অন্ধকারে
হোসনেয়ারা স্বরলিপি (বাংলাদেশ)
রইবো না আর অন্ধকারে
নারীরা সব কই,
সবাই বলো, আমরাও তো
আর অবলা নই।
আমরাও যে লড়তে পারি
করতে পারি জয়,
আর করি না অবলীলায়
জুজু বুড়ির ভয়।
দুর্মুখেরা আর কতকাল
রাখবে চেপে টুঁটি,
সবাই মিলে আঁধার চিরে
ধরবো আলোর ঝুঁটি।
ঘরের কোণে পচবো না আর
ডাকছে নবীন ভোর,
দু’হাত দিয়ে সরিয়ে দেবো
রাতের আঁধার ঘোর।
রইবো না আর অন্ধকারে
শুনছি ভোরের ডাক,
দৃপ্ত পায়ে মাড়িয়ে যাবো
দুঃখ দুর্বিপাক।
