ভেজাল পাঁচালী, কলমে - ড: দেবব্রত মাজী
ভেজাল পাঁচালী
ড: দেবব্রত মাজী
দেউলপুর, হাওড়া, ভারত
সব জিনিসে ভেজাল এখন
ভেজাল চারিপাশে,
মানুষের যত লোভের ছোঁয়া
তাকেই ভালোবাসে।
দুধে ভেজাল তেলে ভেজাল
ভেজাল চালের বস্তায়,
খাঁটি জিনিস মিলবে নাকো
দিচ্ছে কেবল সস্তায়।
ওষুধে আবার বিষ মিশিয়ে
চলে মরণ খেলা,
মানুষ মারার ফন্দি আঁটবে
সকাল-সাঁঝ বেলা।
ফলের গায়ে বিষের প্রলেপ
সবজিতে রঙ মাখা,
ভেজাল খেয়েই মানুষ এখন
বাড়ায় নাকো শাখা।
বেঁধেছে আজ ভেজাল মনে
বিচ্ছেদের আকর্ষণে,
স্বার্থ ছাড়া চলে নাকো কেউ
চলছে কলির বর্ষণে।
মুখের কথায় মধুর ভেজাল
অন্তরের সব বিষে,
খাঁটি মানুষ হারিয়ে চলেছে
পরক্রিয়ার আশীষে।
টাকার লোভে অন্ধ সকলে
বিবেক গেছে বেচে,
মিথ্যে দিয়েই মোড়া সমাজ
চলছে নেচে নেচে।
দুনিয়ার ঐ ভেজালে আজ
খাঁটি হওয়া দায়,
বাঁচবে মানুষ কার বিশ্বাসে
আছে কি উপায়?
