বনের পথিক, কলমে - আজমিরা খাতুন
বনের পথিক
আজমিরা খাতুন
সূর্য নিলো বিদায়
সন্ধ্যা তো বেশ ঘনিয়ে এল-
লাগছে ভীষন ভয়।
বনের পথে একলা আমি
কেউ নাহি যে সাথে,
ঝোপঝাড় আর কাঁটায় ভরা
আমার চারিপাশে।
থমকে আমি দাঁড়িয়ে আছি
বাবলা গাছের তলে,
হাজার হাজার পিপীলিকা
ঘুরছে দলে দলে।
চারিদিকে পাখিদের গান
শিয়াল ডাকে জোরে,
ফলের গাছে ঝাঁকে ঝাঁকে
বসছে বাদুড় উড়ে।
গাছ গাছালি দুলছে সদাই
বনের বাতাসে,
লক্ষ্মী পেঁচার ডাক শোনা যায়
কোথাও আশে পাশে।
দেখতে ভারি মজা লাগে
দৃশ্য মনোরম,
কিন্তু ভয়ে আমার শরীর
করছিল ছমছম।
ঝলমলে ওই সন্ধ্যা তারা
উঠলো পুব আকাশে,
একটু পরে চাঁদের আলো
ছড়ায় চারিপাশে।
উপর দিকে তাকিয়ে
দেখি চাঁদের মুচকি হাসি,
বল্লাম অহে চন্দ্রমামা
এবার আমি আসি।
