মেহেরুন্নেসা মিম - এর একগুচ্ছ কবিতা
অভাগীর বুকের মানিক
মেহেরুন্নেসা মিম
ঝর ঝর মুষলধারে
ঝরিছে বাদল ধারা,
শ্যাম বর্ণ করিছে ধারণ
সারা গগন পাড়া।
এই অবেলায় বেসামাল ধারায়
সেই খরস্রতার তীর,
বুকে সংশয় অভাগিনীর ভয়
এই ভাঙলো বুঝি নীড়।
সেই সন্ধ্যে অভুক্ত অভাগিনী
সইতে না পেরে জালা,
দানবী মেঘ ঠেলে তার
বাহিরে বেরোনোর পালা।
কি করি উপায় ক্ষুধার জ্বালায়,
দুধের শিশু অভাগিনীর পানে
বাঁচাতে প্রাণ মুখ অম্লান
এক ঝিনুক দুধ চাই।
গুটি সুটি হয়ে বাহিরে
বাড়ালো পা খানি,
কোথাও নেই কারো সাড়া
শুধু বাদলের ধারা,
আছে ঘন মেঘের গর্জন,
হাতে পায়ে পড়ে গিন্নিমার
যদি এক ফোটা দুধ
করিতে পারে অর্জন।
বাঁচবে তাহার বুকের মানিক
সেই আশা নিয়ে বুকে,
প্রহরীর চোখ এড়িয়ে গেল
গিন্নি মায়ের অন্দরমহলে।
মেটেনি তার সে আশা
ঘুরে গেল পাশা,
দূর দূর করে তারে
তাড়িয়ে দিল সকলে।
এক বুক চাপা কষ্ট আর
সন্তানের আহাজারি চোখে স্পষ্ট
ধীরে ধীরে অভাগিনী
ফিরে এলো কুঠিরে।
বুকের মানিক খানি তাহার
পেতে এক ফোটা আহার
ছেড়ে গেছে বহুক্ষণ আগে
এই নিঠুর ভব সংসার।
এমনি করিয়া আর কত অভাগী
হারাবে বুকের মানিক??
কার কাছে কইবো
মেহেরুন্নেসা মিম
আমি কার কাছেতে
কই গো বিধি
আমার এ বেদনা??
নিশাচরী হইয়া আমি ঘুরি গো
বুকের মাঝে লুকাইয়া যন্ত্রনা।
কপালপোড়া এমন এক
অভাগী আমি একজনা।
এই দুনিয়ায় সকলে রয়
আমার নেই তো কোন আপন জনা।
আমি কার কাছেতে
কই গো বিধি
আমার এ বেদনা?
আমার বলে কেউ নাই গো বিধি
নাই যে ঠাই ঠিকানা।
যাযাবর এক জীবন আমার
কে দেবে গো আমায় সান্তনা?
আমি কার কাছেতে
কই গো বিধি
আমার এ বেদনা?
একা রাতে কত কথা
আসে ভেসে মনে
এ পোড়া চোখ না বুঝিলে
আমি স্বপ্ন দেখবো কেমনে?
এই বুকেতে চাপা কষ্ট
বাড়াই শুধু যন্ত্রনা।
আমি কার কাছেতে
কই গো বিধি
আমার এ বেদনা??
মনোয়া পাখি
মেহেরুন্নেছা মিম
মনোয়া পাখি তুমি কিসের আশায় বান্ধিয়াছো ঘর?
প্রবাল ঝড়ে পড়বে ভেঙে
ওই না তাসের ঘর,
জীবনখানি হবে তোমার
ধু-ধু বালুচর।
মনোয়া পাখি তুমি কিসের আশায় বান্ধিয়াছো ঘর?
শখের বসে বান্ধা ঘরে
আজ তুমি নিজেই যাযাবর,
ভাবিয়া আপন যারে রাখিলে বাহুডোরে
চক্ষু মেলে দেখো একবার
সে ও তো তোমার পর।
মনোয়া পাখি তুমি কিসের আশায় বান্ধিয়াছো ঘর?
তীরন্দাজে মারিলে তীর
বুকের কোণে বিঁধে,
আপন জনা মারিলে তীর
আঘাত করে হৃদয় বরাবর।
মনোয়া পাখি তুমি কিসের আশায় বান্ধিয়াছো ঘর?
কিসের নেশায় ছুটছো তুমি?
বাঁচবে কিসের আশায়?
মাঝি হীনা তরী তোমার
ভেসে গেছে অকুল দরিয়ায়।
যতই কর আহাজারি
ফিরবে না আর ওই তরী
বেসামও নদীর পানি ও স্বার্থপর।
মনোয়া পাখি তুমি কিসের আশায় বান্ধিয়াছো ঘর?
