নাসির ওয়াদেন- এর দুটি কবিতা
এসো রৌদ্র, এসো বিশ্বাস
না সি র ও য়া দে ন
নগ্ন-রোদের সোনালি উত্তাপ ছড়িয়ে পড়ে
যেখানেই যাই শুধু রোদ্দুর গায়ে ঝরে
গ্রামীণ জীবনের অলক্ষ্যে দাঁড়িয়ে শ্বাস
এক ঝলক মুক্তির সুবর্ণ উচ্ছ্বাস।
একটি পাখি রোজ উড়ে যায় মনের দিগন্তে
বৃষ্টি আসে অনায়াসে একগুচ্ছ প্রস্তাব নিয়ে
তখন, আমি তোমাদের দিই ইস্তেহার ছড়িয়ে
তাতে বাউল-রঙের এক ভালোবাসা লিখা,অন্তে।
এসো রৌদ্র, এসো বিশ্বাস, এসো বৈশাখ
সূচনার চ্যালেঞ্জ নিয়েই যাই সম্মুখের পথে
এক মানবিক সভ্যতার দেশ গড়ার থাক ডাক,
সংকল্পের শিমুল-পলাশ-পিয়াল ফুলের শপথে।।
যা দেখি তা সত্য নয়
না সি র ও য়া দে ন
যা দেখি তা সব সত্য নয়
সত্যের রঙ দিনদিন কালো হয়ে যাচ্ছে
অসত্যের ধোঁয়াশা ক্রমাগত বাড়ছে
যা বলি তাই সব সত্য হয় না।
মিথ্যেরা ডানা ওড়ে প্রতিটি নাগরিকের চোখে
কে কতটা মিথ্যে শিহরনের ঢেউ তুলতে পারি
চলছে তারই মহড়া।
সত্যের স্তম্ভগুলো ভেঙে চুরে যাচ্ছে
অঘোষিত প্রতারণার ফাঁদে
যাদের হাতে তুলে দিয়েছি গণতন্ত্রের মশাল
সেই আগুন পুড়ে মরছে জনতা জনার্দন।
ভাগ্যিস কাউকেই বিশ্বাস করিনি বলেই
অসত্যের কালো চশমা পড়ে
প্রতিনিয়ত স্বেচ্ছাচার করেই চলছি।
বাকযুদ্ধ শুরু হয়েছে শৈত্য উপত্যকায়
মানুষেরা নাকি রাক্ষস ছিল একদা,
এখনকার মানুষদের চিনতেই
শিখলাম না কতটা কালো কতটা শাদা।
©®নাসির ওয়াদেন
মুরারই, বীরভূম,
পশ্চিমবঙ্গ, ভারত

ভালো লাগল ভাই