মোহাম্মাদ আলিউল হক - এর গুচ্ছ কবিতা

 

মোহাম্মাদ আলিউল হক - এর ফটো











প্রতিকূলেও
মোহাম্মাদ আলিউল হক

শান্ত কি অশান্ত কবি মন
আবেগের দুর্যোগ হতে ঝরে
কবিতার বারি বর্ষণ।

আবদ্ধ গৃহকোণে শুধু নয়
বিশ্ব চরাচরে চলে
কবিতার ফুল সঞ্চয়।

এখানেই কবির জয়
যে কোনো ঠাঁয়
কাব্য কুসুম ফোটে নির্দিধায়।


সাজাও
মোহাম্মাদ আলিউল হক

কেন ভুলে যাওরে মন
কেন প্রেমের গুঞ্জন
অন্যতর পথে চলার
নেই কি প্রয়োজন?

প্রেম বসন্তের বাগিচাতে
এলিয়ে দিয়ে গা
সব হারিয়ে পথ মাড়িয়ে
খেতেই হবে ঘা
ঢের হয়েছে এবার তবে
ঐসব দাও বিসর্জন।

অনেক কিছু পড়ে আছে
সাজাও মনের তীরে
দাও উপহার কাব্য কথার
প্রয়াস লও ধীরে
আম জনতার দাম পাওয়ার
প্রতি থাকো সচেতন ।


খাঁটি কথা
মোহাম্মাদ আলিউল হক

পুরস্কার কি এমনি মেলে?
শ্রম সাধনায় হয়েছো সাধক
তোমার পরিচয় তুমি নিজেই
তাই জুটেছে দামি পদক।

কালা মনে জ্বালা ধরুক
হিংসে করুক নিন্দুকেরা
তারা শুধু জ্বলেই মরে
যাদের মন আঁধার ঘেরা।

তারা কি আর এতো বুঝে
শ্রমের ফল বড়ো মিঠে
বিনা শ্রমে এই জগতে
কার মুখে অন্ন ওঠে!

হিংসে বিদ্বেষ বিবাদ গ'ড়ে
সুফল লাভের আশা মাটি
চেষ্টা করো তোমারও হবে
সবাই জানে "কথা খাঁটি"।


মন লেগে আছে
মোহাম্মাদ আলিউল হক

মনের ভাবনা
মেলছে ডানা
কোন বেদনার বোঝা বয়ে

বুকের পিঞ্জরে
ধড়ফড় করে
হাল্কা করি মন কারে কয়ে।

দুঃস্বপ্নের ঘোর
লেগেই রাত ভোর
দুঃখের দোর বুঁজি কি দিয়ে!

সেই যে গেছে
আর কি ফিরেছে?
তারই কথায় মন রয়েছে ছেয়ে।


এখন ও আগে
মোহাম্মাদ আলিউল হক

এই ভারত তো সেই ভারত নেই
আগে যেমন ছিল
আজাদী পেতে সব মানুষে
এক প্রাণে মিশেছিল।
পরাধীনতার গ্লানি ঘোচাতে
উঠেছিলো যে মাতি
একটাই দাবী আমরা ভারতী
আমরা এক জাতি।
'আইন অমান্য' 'অসহযোগ'
'স্বদেশী' 'ভারত ছাড়ো
সব লড়াইয়ে একতা মন্ত্রে
হিন্দু মুসলিম শিখ গারো।
দুই শতকের দারুণ পীড়নে
অতিষ্ঠ হয়ে সবে
নির্ভয়ে পথে দিবস রাতে
প্রাণ দিতে আহবে।
দেখেছি শহীদ বেদীর উপর
খোদায় লাখো নাম
আজও পারিনি তাদের রক্তের
শুধিতে নায্য দাম।
আজও পারিনি জানতে তাদের
আত্ম ত্যাগের ইতিহাস
অমানুষ মোরা ভুলেই গিয়েছি
সত্যি এ পরিহাস।
এক হইনি তাই হানাহানি
অঞ্চল ;জাতে জাতে
রোগা ভুখা পেটে ধর্ম গিলে
ভুলেছি চাষে,ভাতে।
ভন্ড ভক্তে বসে তখতে
চষে জুমলা জালিয়াতি
নেশায় বিভোর অন্ধ নজর
ওতেই পুষ্ট ছাতি।
মিছে বুলির বহর বাড়ে
হারায় দেশের মান
সারে জাহাঁ সে আচ্ছা
কোথা সেই হিন্দুস্তান।


কবি পরিচিতি:
মোহাম্মাদ আলিউল হক - এর জন্ম-১৯৭৫ সালের ১৫ জুন।
পিতা-মোহাঃ মোফিজুদ্দিন সেখ, মাতা-রুকিয়া বিবি। । সাং ও পোস্ট -ছোট সুজাপুর, থানা-কালিয়াচক,  জেলা-মালদহ ।
শিক্ষা লাভ : এম.এ.বি.এড.
পেশা-হাই স্কুল শিক্ষক
সাহিত্যানুরাগ :-
  ছোটো বেলা থেকেই সাহিত্যের প্রতি প্রবল অনুরাগ।সপ্তম শ্রেণিতে প্রথম স্বরচিত কবিতা শিক্ষকের সামনে আবৃত্তি। অষ্টম নবম শ্রেণি থেকেই ছড়া কবিতার চর্চা। সাধারণত ছড়া কবিতা গান গজল এসব লিখনে অধিক আগ্রহ। পড়াশোনায় বেশ মেধাবীর জন্য স্কুল জীবনে প্রতি ক্লাসে প্রথম স্থানলাভ। পড়া শোনার পাশাপাশি সাহিত্য চর্চাই যেন মুখ্য নেশা। বর্তমানে হাই স্কুলে শিক্ষকতার অবকাশে সাধ্য মত সাহিত্য চর্চা চলছে মন্থর গতিতে। লেখনীর মধ্যে মূল্যবোধ, নীতি কথা ;দেশ প্রেম ; আধ্যাত্মিক চেতনা ও প্রতিবাদী কন্ঠ ধ্বনিত হয়ে ওঠে।
১৯৯৫ সালে ইসলামী গজলের ৩টি পুস্তিকা প্রকাশ।১৯৯৬ এ গল্প থেকে নাটিকা 'সিংহের শাস্তি' রচনা,ও মঞ্চস্থ করণ হয়। বহু পরে প্রকাশিত হয়-

(১)গজলে গোলাপ কলি, ৯৫ সনের সঙ্কলন থেকে কিছু লেখা নিয়ে নবরূপে সাজিয়ে প্রকাশিত হয়। 
(২) সিংহের শাস্তি নাটিকা টির মুদ্রিত সঙ্কলন প্রকাশিত হয়। এর পরে-  
৩) ছন্দে গড়া চাঁদের ছড়া 
৪) শিক্ষা জল্পনা 
৫) এবারের ঈদের কবিতা 
৬) শিক্ষা সোপান 
৭) ছন্দ ছড়ায় দেশ প্রেম 
৮) আমাদের সোনামণিরা 
৯) স্মরণে মননে চাচন্ড বি জে হাই স্কুল 
১০) মুক্তিকামী ফিলিস্তিন 
১১) আমাদের স্মরণীয় চার কবি ২০২৪
১২) তুমি নেই বলতে নেই ২০২৫
১৩) ভালোবাসা স্নেহ পরশ
১৪) দ্বীন মঞ্জুরী
১৫) আমার শিক্ষক স্মরণে 
১৬) কাজে অকাজে ২০২৫
১৭) মরূদ্যানের খোঁজে ২০২৫
১৮) গোলাপ কলির ঘ্রাণ ২০২৬
১৯) চাঁদের অশ্রু

এই সমস্ত সংকলন সম্পূর্ণ নিজস্ব খরচে প্রকাশিত হয়। 
এছাড়া এ বঙ্গের বিভিন্ন একক ও যৌথ কাব্য সঙ্কলনে বেশ কিছু কবিতা বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। বিশ্রস্ত বাস্তবতা,সোনালি ফসল,আজকের অনুভব, সবার প্রিয় রবীন্দ্রনাথ, নতুন গতি ,বুলবুল, নতুন প্রহরী, এ পথ পেরোতেই হবে, আধুনিক কাব্য কথা, স্বপ্নের ভেলা কবিতায় ভিজে গেল সব, কবিতায় চিনবে সবাই, তুঁত পত্র, শেরশা বাদের কাগচ, পাসওয়ার্ড এই সব সংকলনে লেখনী স্থান পেয়েছে । 

বিভিন্ন সাহিত্য গোষ্ঠী কর্তৃক কিছু সম্মাননাও লাভ হয়েছে । 

   এছাড়াও বিবিধ পত্র পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে, যেমন-যাত্রিক,প্রিয় কথা, নুর, মহা পথিক, পুষ্প প্রভাত, রূপান্তরের পথে, চিচিং ফাঁক, নয় মৌজা বার্তা, তুঁত পত্র,শেরশা বাদের কাগচ, নতুন গতি, বুলবুল, গানের কথা, নতুন প্রহরী, আধুনিক কাব্য কথা, স্বপ্নের ভেলা, আজকের অনুভব  ইত্যাদিতে। নয় মৌজা বার্তা ও 'তুঁত পত্র' এর সম্পাদনা করেছেন। বর্তমানে ২০২১ হতে ত্রৈমাসিক ''বিদ্যা বিকাশায়ন'' পত্রিকা সম্পাদনা করছেন।


Next Post Previous Post
1 Comments
  • Md Aliul Hoque
    Md Aliul Hoque ৯ আগস্ট, ২০২৬ এ ৯:০৩ AM

    শুভ উদ্যোগ কে স্বাগত। কবি ও কবিতার প্রচারে নিরলস প্রচেষ্টা কে কুর্নিশ জানাই। এই ধারা সুদূর প্রসারী হোক। সদা সুস্থতা ও মঙ্গল কামনা রইলো।

Add Comment
comment url