আব্দুল মালেক - এর তিনটি কবিতা
তোমাকে ভালোবেসে
আব্দুল মালেক
তোমাকে ভালোবেসে প্রতিদিন রক্ত বমি হয়
তোমাকে ভালোবেসে দেহ মনে ক্ষয়
তোমাকে ভালবেসে ভনভন মাছির ওড়াউড়ি
সুস্থতা ফিরে পেতে এলোমেলো পথে ঘুরে মরি
উড়ে এসে জুড়ে বসা শ্বেত রক্তের দাপটে
জানমাল ইজ্জত আজ সব শকুনীর ঠোঁটে
ঊনো ফুল বুনো ফুলে ভরে গেছে বন
আব্দুল মালেক
উনো ফুল বুনো ফুলে ভরে গ্যাছে বন
প্রকৃতির বুকে সাজ সাজ রব ক্যামন করে মন
লেবু ফুলের গন্ধ ভাসে বাতাসে
চারিদিকে ফুলের সৌরভ, রাতের চাঁদ খানি হাসে
ফাগুনে আগুন শিমুল পলাশ মাদারের বনে
ফুলে ফুলে ম উ কোকিলের কুহুতান
প্রকৃতির বুক রাঙা জব্বার বরকত সালামের খুনে
কচি পাতা হাসে জীর্ণ পাতার ফাঁকে
পাগলা হাওয়ার লেগেছে পরশ
অদৃশ্য কার হাতের ছোঁয়ায় মাঠের ফসল পাকে
পিরকে ঘাসের গন্ধ শুঁকে শুঁকে
আব্দুল মালেক
আমার জীবন জুড়ে শেষ বিকেলের রোদ
কিশোরবেলা পিছু ডাক দেয়
রাত্রির আকাশে নক্ষত্রপুঞ্জের মত
আমার মনের আকাশ আলোয় ভরে দে য়।
শক্ত মাটির বুক জুড়ে দুরন্ত বালকের
ক্ষতবিক্ষত পায়ে ভোকাট্টা ঘুড়ির লুটে নিতে অবিরাম দৌড়
মুখে যুদ্ধ জয়ের হাসি
এখনও আমার দুর্ধর্ষ জ্বর সারিয়ে তোলে
কেউ কোনদিন ভালোবাসেনি আমাকে
একমুঠো ভালোবাসার জন্য ফিরেছি ব্যর্থ মনোরথে
প্রাপ্তির ঝুলি আজও খালি
ঝড় জল জঙ্গলে অনেকটা পথ পেরিয়ে
লাভ-লোকসানের হিসাব করি না আর
শীত বিকেলের নরম আলোয় কুয়াশার চাদর গায়ে
পীরকে ঘাসের গন্ধ শুঁকে শুঁকে
সুখ স্মৃতির জমিনে শস্যদানা খুঁটে খুঁটে খাই
