খগেন্দ্রনাথ অধিকারীর দুটি কবিতা
এবার আমার পালা
খগেন্দ্রনাথ অধিকারী
মৃত্যু দূতের চোখ
কখন যে কোথায় পড়ে,
মেলেনা হিসেব তার
তবুও মূর্খ মানুষ
পাটিগণিত হাতে নিয়ে
ক্রমিক সংখ্যা কষে,
কার পরে কার ডাক
আসবে মরণের।
একে একে চলে গেল
অগ্রজ অগ্রজা যত,
এবার আমার পালা
এসে গেছে নিকটে।
আবেগ যা বলে বলুক,
যুক্তি বিবেকের বিচার,
চলে যেতে হবে আমায়
সে কথাই বলে।
বিচ্ছেদ বেদনা বিদ্ধ
হৃদয়ে রক্ত ঝরে
গণ্ডদেশ ভিজে যায়
চোখের জলেতে।
তবু দ্রুত সেরে যাবো
বকেয়া আমার কাজ,
উত্তর সূরীরা যেন
থাকে সব সুখে।
সবই রয়েছে টিঁকে
খগেন্দ্রনাথ অধিকারী
কিছুই হয়নি লয়,
সবই রয়েছে টিঁকে,
সাপের মতন শুধু
খোলোস পাল্টানো বিশ্বে,
মৃত্যুতে শেষ নয়,
স্বজনের অস্তিত্ব বন্ধু
ক্ষিতি অপ তেজ মরুৎ
ব্যোমে মিশে থাকে।
ভাষার ফারাক টুকুই
বিজ্ঞানের সাথে কেবল,
অণু পরমাণুর কথা
বলে থাকে সে।
মিছেই কাঁদছো কেবল
ফুল ফল আলো বায়ু
জলে স্থলে মিশে সে পৃথ্বী
মধুময় করছে।

দুটি কবিতা বেশ ভালো লাগলো। সুন্দর ভাবনা