আবদুস সালাম - এর একগুচ্ছ কবিতা
অস্তিত্বের কোলাজ
আবদুস সালাম
আঁধার রাতে মুখ ঘষা খায় সবিনয় নিবেদন
প্রলম্বিত ভবিষ্যৎ
অস্মিতা জাগে ধর্মের দরজায়
ঈশ্বরের চুল্লিতে আগুন দেয় রাজনীতি
পুড়ে মরে ধর্মের প্রজাপতি
প্রতিবাদীর কন্ঠস্বর চৈতন্যের গাছে দড়ি দিয়ে ঝুলে
অস্তিত্বের উঠোনে আঁকা সহস্র দুঃখের কোলাজ
প্রদীপের নীচে পুষে রাখি আঁধার
রোজ স্বপ্নেরা হাবুডুবু খায় ভ্রান্তির পুকুরে
মহাকালের চাকায় পিষ্ট হয় ধূসর অস্তিত্ব
অভিমান লিপি
আবদুস সালাম
ধর্ম খেয়ে ,পান করে হয়ে পড়েছি ধর্মাতুর
ধর্ম বাক্স থেকে বের করছি সম্মোহনের দলিল
এলাকা দখলের মোক্ষম হাতিয়ার এখন পকেটে
বহুমুখী সর্বনাশ ডানা মেলে উড়ছে
বোলতারা সভ্যতার মঞ্চে তুলছে তুফান
ধর্মের ব্যকরণ লিখছে কসাই খানার মালিক
যুগ- ঈশ্বর বসে আছেন মনুষ্যত্ব হীন বারান্দায়
আর্তনাদের শরবত তার প্রিয় খাদ্য
করুণার উচ্ছাসে ভেসে যায় দীর্ঘশ্বাসের লাশ
সমীকরণ
আবদুস সালাম
বিদ্রুপাত্মক ভাবনা উপহাস করে
অন্ধকার ছিঁড়ে বেরিয়ে আসে পীতবর্ণ সন্দেহ
পরীযায়ী অক্ষরের ভিতর শব্দেরা আক্ষেপ করে
অসাড়োদ্গত শোক সম্ভোগের গলিতে পড়ে মুখ থুবড়ে
শরীরের প্লাটফর্মে আঁকা পুরাতাত্ত্বিক শ্লোক
প্রাক্তন সিঁড়ি বেয়ে নামে অবাঞ্ছিত আশ্রয়
আদিম কোণে লেপ্টে আছে উপহাস
ভেঙেচুরে যায় মনখারাপের কার্নিশ
জটিল হয়ে ওঠে দিকভ্রান্তের সমীকরণ
ব্ল্যাকবোর্ডে লেখা হয় তৈলাক্ত বাঁশের অঙ্ক
দুয়ারে পড়ে থাকে শূন্য মন
ক্লান্তির উঠোনে জড়ো হয় ছাই রঙারোদ
আর বিষন্ন অন্ধকার
