প্রফেসর ড. মোস্তফা দুলাল - এর দুটি কবিতা
অচিন সত্তার সন্ধানে
প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচডি (ঢাবি), বিসিএস (সাধারণ শিক্ষা)
কবি, লেখক, শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক
চোখে নামে কবিতার ঢেউ, বর্ণ জাগে নীরব তীরে,
মগজ তখন অর্থ কুড়ায়, বিদ্যুৎ-ঝলক গভীর নীরে।
মনের গায়ে আবির মেখে, সুখ-বিষাদের ছবি আঁকে,
চেতনা চায় আঁখি মেলে, অনুভবের নীরব ডাকে।
আমি যেন আয়না-নদী, নিজকেই দেখি জলের পরে,
দ্রষ্টা আমি, দৃশ্যও আমি, দুই সত্তা এক গোপন ঘোরে।
শব্দহারা নির্বাক ভাষা, প্রশ্ন তোলে কোন যন্তরে?
আমি যে এক অচিন পাখি, তার বসতি কোন অন্তরে?
মন যেখানে নিজের ছায়া, চিনতে গিয়ে হয় অচেনা,
সে কি তবে শূন্যে জ্বলে, অক্ষয় এক অসীম চেতনা?
জন্ম-মৃত্যুর উর্মি ভেঙে, যে চেতনা থাকে জেগে,
সে-ই কি আমি, নাকি ‘আমি’, মহাশূন্যের মৌন বেগে?
শেষে বুঝি খুঁজলে মানুষ, খোঁজার পথেই বাঁধে বন্ধন,
সাগর জলের ঢেউয়ে আমি, অনন্ত অপার স্পন্দন।
নিদ্রাভাঙা আলো
প্রফেসর ড. মোস্তফা দুলাল
রজনী শেষে ফজর যেন, আলোর কড়া নেড়ে নিরবে দরজায় দাঁড়ায়,
গভীর সুষুপ্তির পাহাড় ভেঙে রবের ডাকে হারানো আত্মাকেই খুঁজে পায়।
অজুর শীতল জলে ধুয়ে যায় রাতের ক্লান্তি, সিজদায় গলে হৃদয়ের অহংকার,
ফজরের সালাত তো ঊষার রবি, দূর করে আত্মার কলুষিত অন্ধকার।
রব রব বলে ডাকে মুমিনের কপাল ঘুমন্ত মাটির কোলে,
তাকবির গুলো যেন হৃদয় আকাশে নক্ষত্র সম জ্বলে।
স্রষ্টার স্মরণে সূচিত ভোর দিনেও রহমতের ছায়া খুঁজে পায়,
আত্মার নূর শান্তির ঘুমে অনল জ্বেলে রবের ডাকে উজানে যায়।
জীবন থেকে হারিয়ে যাওয়া প্রতিটি ভোরের আযানের ধ্বনি কভু নাই ফিরে,
এসো নিদ্রা হারাই ফজরের সিজদায় খুঁজে নিই অনন্ত আলোকময় হিরে।
কপিরাইট আইনের সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত। সাবেক বিভাগীয় প্রধান, প্রাণিবিদ্যা বিভাগ, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা, বাংলাদেশ।
