আজও নজরুলকে দরকার, কলমে - মজিবুর রহমান
আজও নজরুলকে দরকার
মজিবুর রহমান
আজও শত শত নজরুলকে দরকার
যারা যৌবনদীপ্ত হয়ে বলবে
শাস্ত্রের চেয়ে সত্য বড়ো,
যারা ধর্মের নামে
অন্ধত্ব উগ্ৰতাকে প্রত্যাখ্যান করবে
ধর্মমুক্ত রাজনীতির প্রবক্তা হবে।
যারা সাম্যের গান গেয়ে
অসাম্যের বিরুদ্ধে সোচ্চার হবে
অট্টালিকার অর্থের উৎসকে চ্যালেঞ্জ করবে।
তারা প্রমাণ করবে
উন্নয়ন আর শোষণ একসাথে যায় না
দুর্নীতিমুক্ত সমাজ সোনার পাথরবাটি নয়।
জৈষ্ঠ্য ও ভাদ্র অথবা মে ও আগস্টের বাইরে
শত শত নজরুলকে সারা বছর দরকার।
