প্রকৃতির মাঝে , কলমে মোঃ রেজাউল করিম
প্রকৃতির মাঝে
কলমে মোঃ রেজাউল করিম
বাবুদের পাকা শহর ছেড়ে
যাবো আমি গ্রামে চলে,
লিখবো আমি মন দিয়ে
পাতা ভরে, প্রকৃতির কোলে।
শিশির ভেজা ঘাসের উপর
হাঁটবো আমি রোজ সকালে ,
পুশু পাখিরে ডাকব আমি
সঙ্গী করবো নিজের দলে।
জবা গাছের ফুল তুলে
গাঁথবো বসে সুন্দর মালা,
শেয়াল-শেয়ালির বিয়ে দেবো
রঙিন ফুলে সাজাব ডালা।
প্রভাত বেলা কোকিলের সাথে
বলবো কথা দুজনে হেসে,
আদর করে ডাকবো তারে
দাওয়াত দেবো কথা শেষে।
দেখবো আমি নীল আকাশে
ভাসছে কত মিটমিটে তারা,
জ্যোৎস্না ভরা আকাশে আমি
চাঁদ মামারে দেবো ইশারা।
সকাল বেলা দেখবো আমি
তমিজ মিঞার গোরুর গাড়ি,
ছুটে চলছে হন -হনিয়ে
বোঝাই করা কলসি হাঁড়ি।
রোজ সকালে ঘুরবো আমি
দেখবো গঙ্গা নদীর ঢেউ,
গঙ্গা স্নান করবো আমি
মানা করবে না কেউ।
দেখবো আমি ঘুরে ঘুরে
সেই নদীর মাঝে বালুচর,
কত আছে মানুষের আনাগোনা
তার মাঝে নেই বাড়ি-ঘর।
রোজ সকালে দেবো আমি
মসজিদে আযান,মন্দিরে ঘণ্টাধ্বনি ,
ঈশ্বরের সৃষ্টি মানব জগৎ
থাকবে না তাদের হানাহানি।
