আমার নাম আমার অতিথি, কবি - গোলাম রসুল
আমার নাম আমার অতিথি
গোলাম রসুল
এটা একটি মুহূর্ত যা শতাব্দীর থেকে বেশি সময় বহন করছে
আকাশের নীলে তারার ঝর্ণায় আমাদের হাত সমর্পন করেছে
বৃক্ষের রস নিঃসরণের মতো অব্যাহত আমাদের কবিতা
জীবন সূর্যের লেখা সবুজ পত্রপল্লব
প্রতিটি কবিতা পৃথিবী এবং চাঁদের মধ্যে শূন্যতা পূরণ করছে
আমরা প্রত্যেকে নিজেকে একই কথা লিখি
যেমন আমার নাম আমার অতিথি
যখন মনে হয় আমরা ধীরে ধীরে এক গ্ৰহ থেকে অন্য গ্ৰহের দিকে অগ্ৰসর হচ্ছি
ক্ষুদ্রতম স্থানটি হয়ে ওঠে মহাবিশ্বের থেকেও বড়
যেখানে মৃত্যুর মৃত্যুগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে
এখন আমরা একটি সাদা শহরের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি
আমরা পার হয়ে যাচ্ছি সরাইখানা বন্দর
ছোটো ছোটো আস্তানাগুলো তাঁবুগুলো আমাদের ওপর আঘাত করছে
বাতাস আমাদের স্বদেশ
আমাদের চলে যাওয়া একটা ফাঁপা শব্দের মতো
এবং কবিতাগুলো হয়ে ওঠে ঝড়ের লবণ
