বাইশে শ্রাবণ, কবি - মজিবুর রহমান
বাইশে শ্রাবণ
মজিবুর রহমান
আজ বাইশে শ্রাবণ
কবিগুরুর মৃত্যুদিন
কিন্তু তিনি মৃত নন
তাঁর সঙ্গে কথা বলি প্রতিদিন।
তাঁর কাছে সমস্যার সমাধান চাই
চাই নতুন ধারণা
তিনি সব দেন
কখনও বলেন না, দেব না।
তিনি ভয়ে ভরসা জোগান
আনন্দে দেন আহুতি
বাস্তবতার বিবরণ
কল্পনার বিভূতি।
তিনি স্বদেশ প্রীতিতে আছেন
আছেন বিশ্বজনীন আহ্বানে
অলৌকিকতার ইঙ্গিতে
মানবের জয়গানে।
তাঁর মধ্যে কোনো সঙ্কীর্ণতা নেই
আকাশের মতোই তিনি উদার
আমরা অতি ক্ষুদ্র মানুষ
সাধ্য নেই তাঁকে ধরবার।
