কবি আবদুস সালাম - এর একগুচ্ছ কবিতা
অ্যালবাম
আবদুস সালাম
সময় লিখছে মনুষ্য ভর্তি পৃথিবীর যন্ত্রণা
সূর্য তখন ছটফট করছে তার নিজস্বতায় ভাবছে মানুষেরাও ভাগ নিক এই দহন তাই কবর ডাঙার গাছে মৃত আত্মারা হাসছে দুঃস্বপ্নের হাসি
ইতিহাসের পাতায় লেখা হচ্ছে গৃহযুদ্ধের অঙ্ক
সভ্যতার রাস্তায় ছড়ানো আছে মনুষ্য হাড়ের চিত্রনাট্য
ডুগডুগি বাজায় ধর্মগুরু
সব দীর্ঘশ্বাস আর যন্ত্রণা লিখে রেখেছে ক্ষুধার্ত আয়না
সভ্যতার বাঁকে বাঁকে ছলনার বেহালা বাজায় ক্লান্ত সূর্য
চাঁদ তোলে পাল
অভিলাষী সভ্যতার ক্যানভাসে ঝুলছে আধপোড়া শবের উপন্যাস আর অস্ত্রের ঝনঝনানি
উত্তরাধিকারের পাতা ভরাট হয় হতাশার ইতিহাসে
বাতাসে ভাসে প্রতিবেশী পোড়াগন্ধ
টনটন বোমা পড়ে নিরিহ বস্তিতে
শখের রেডক্রস বাহিনী তাঁবু ফেলে মেকি মানবতার
অস্তিত্ব ধুয়ে যায় পরমাণুর ধোঁয়ায়
মৃত্যুর স্বরবর্ণ লেখে নৈশব্দ্যের শয়তান
প্রাচীন ছলনার আশ্রয়ে লালিত হয় দেবতার মিউজিয়াম
সংখ্যালঘুর থেঁতলানো মুখ শোভা পায় সংখ্যা গুরুর আ্যলবামে
অভিশাপ
আবদুস সালাম
সভ্যতার ভূমিতে দীর্ঘতর ফাটল
অসুস্থ শহরে জেগে ওঠে কোলাহল
মহাশৃংখলার ক্ষেতে বোনা হচ্ছে মহা-বিশৃঙ্খলার বীজ
সৃষ্টিকর্তার রোষ নেমে আসছে আমাদের পৃথিবীতে
সভ্যতার মুখে চুনকালি দিয়ে দাউ দাউ করে জ্বলছে শহর
দেখে নাও নেমে আসছে সভ্যতার অভিশাপ
ছেঁড়া রাস্তার স্বরলিপি
আবদুস সালাম
ছেঁড়া সূতোর বাঁধনে আটকে কথালি বিভ্রাট
বিশ্বাসের বাড়িতে পায়রাদের বকম বকম আর প্রদীপের আলোয় অভিভাবকহীন চলাফেরা
হেরে যাওয়ার দিনলিপি লিখি ছেঁড়া রাস্তায়
বেসামাল মানচিত্রে আঁকা পরকিয়ার বেডরুম
হতাশার সমুদ্রে দোলা খায় বিশ্বাসের নৌকা
সময়ের শাসনে ক্লান্ত ধূসর ইস্তেহারের হৃৎপিণ্ড
ঝান্ডা ওড়ায় ধর্ম মানব
সভ্যতার হৃৎপিন্ড হি হি করে হাসছে চুঁইয়ে পড়ছে পরাজয়ের ঠান্ডা রক্ত
এলোমেলো দিন
অদ্ভুত প্রজন্ম লেখে পিচ্ছিল মানবিকতার স্বরলিপি
আঁকে নদী ভাঙনের অসহায় কোলাজ
ছেঁড়া রাস্তায় লেখা হয় লোনা ঢেউয়ের স্বরলিপি
