কবিতা - নদী ও প্রেমের রথ, রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল



নদী ও প্রেমের রথ

রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল

কবি, লেখক, শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক


নদীর বুকে শেখে মানুষ, চলার নিত্য রীতি,

প্রেমের স্রোতে নদীর ভাষা, গায়ে প্রাণের গীতি।

ঝর্ণার মতো বয়ে চলে, প্রেমের গতিধারা,

বাঁক বদলের স্রোতের মতো, প্রণয় আত্মহারা।


গভীর জল রহস্য ঘেরা, প্রণয় গোপন রত্ন,

শান্ত মুখে ঝড়ের আভাস, হৃদয় ভরা স্বপ্ন। 

জল বিলিয়ে জীবন বাঁচায়, প্রেমে পুষ্পের হাসি,  

আত্মত্যাগে সুখের স্বর্গ, বাজায় সুরের বাঁশি।


পাথর পেরিয়ে স্রোত এগোয়, প্রেমও তেমন চলে,

সত্যের শক্তি রাস্তা দেখায়, মোমের মতো জ্বলে।

সাগর বুকে নদীর মিলন, প্রেমে ফাগুন আসে,

দুটি সত্তার মিলন শেষে, মোহনায় মন হাসে।


বন্যা ভরা নদীর বেগে, ভাঙনের রাগ বাজে,  

বাঁধনহারা প্রেম জোয়ারে, বিরহের সুর সাজে।

গাঙের নীরে বন্ধুর গতি, প্রীতি ধৈর্যের ধারা, 

স্রোতের মতো প্রেমের তরি, গন্তব্যে দেয় পারা।


যৌবনের ঢেউ ভাঙে তীরে, প্রেমে থাকে উচ্ছ্বাস,

তটিনীর ন্যায় জীবন রেখা, আনে রবির উল্লাস। 

মানবতার মশাল জ্বালায়, প্রেমের নদী চলে,

এদের মাঝে শান্তির আলো, হীরের মতো জ্বলে।


নদী ও প্রেম পূর্ণিমার চাঁদ, কুসুমে গাঁথা রথ,

উভয় ধারায় খুঁজে পাবে, জীবনের সঠিক পথ।



কপিরাইট আইনের সর্ব স্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত।

সাবেক বিভাগীয় প্রধান, প্রাণিবিদ্যা বিভাগ,

সরকারি তিতুমীর কলেজ, ঢাকা, বাংলাদেশ।



 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url