অনুগল্প - চুপ, কলমে - সালেক উদ্দিন
অনুগল্প
চুপ
সালেক উদ্দিন
—সকালে এক ঘণ্টা পিটিয়েছি। তারপর সারাদিন লকআপে ঝুলিয়ে রেখেছি। এখনো খুনের কথা স্বীকার করলি না?
—আমি তো খুন করিনি, দারোগা স্যার।
—তাহলে কে খুন করেছে?
—রহিম চাচার পাগলা পোলাটা।
—ছেলে বাপরে খুন করবে? এটা বিশ্বাস করতে হবে? হারামজাদা! সেন্ট্রি, সুই নিয়ে এসো।
—সুই দিয়ে কী করবেন?
—তোর হাত-পায়ের নখের ভেতর ঢুকাব।
—বিশ্বাস করেন স্যার, আল্লাহর কসম, আমি রহিম চাচারে খুন করি নাই।
—আবার একই কথা! সেন্ট্রি, ঢোকাও। প্রত্যেকটা নখের মধ্যে। যতক্ষণ সত্য স্বীকার না করবে, ততক্ষণ।
—ওরে আল্লাহ... আমারে বাঁচাও!
—আরও ঢোকাও।
—থামেন... থামেন, দারোগা স্যার। সুই বাইর করতে কন। হ, আমি খুন করছি। আমি রহিম চাচারে খুন করছি।
—সেন্ট্রি, রেকর্ড করেছ?
—জি, স্যার।
—দারোগা স্যার, কয়টা সুই ঢুকানোর পরে খুন করলাম—
—চুপ।
