শূন্য হাতে পূর্ণতা, কলমে - ড. সাবিনা ইয়াসমিন

 












শূন্য হাতে পূর্ণতা

ড. সাবিনা ইয়াসমিন


ঝড়ের ভিতরও এক প্রদীপ জ্বলে—তার নাম করুণা,

অন্ধকারের কপালে সে এঁকে দেয় ভোরের বর্ণনা।


যে গালে আঘাত পড়ে, সে ঘৃণার আগুনকে করে পরাজয়,

ক্ষমার জলে ধুয়ে নেয় হৃদয়, ভালোবাসায় খুঁজে নেয় বিজয়।


রুটির মতো ভাগ হয়ে যায় ভালোবাসার উষ্ণ হাত,

নিজে ক্ষুধার্ত থেকেও শেখায়—মানুষ হওয়াই প্রভাত।


ত্যাগ কেবল যন্ত্রণার পথ নয়, সাহসেরও প্রতীক,

হার মানা নয়, সত্যের তরে দাঁড়ানোর সংগীত।


দরিদ্রের চোখে দেখে সে ঈশ্বরের দীপ্ত মুখ,

অসহায়ের পাশে বসে জ্বালে আশার নীরব সুখ।


বিনয়ের নদী বয়ে যায় তার অন্তরের মাঠ জুড়ে,

যত নত হয় শাখা, তত ফল ধরে ঘরে ঘরে।


শত্রুকেও মানুষ ভেবে ডাকে একই আলোর সন্তান,

ভালোবাসার ভাষাই তার সর্বশ্রেষ্ঠ বিধান।


শূন্য হাতে এসেও সে বিলিয়ে দেয় হৃদয়ের ধন,

কিছু না রেখেও পূর্ণ হয় তার ভালোবাসার ভুবন।


শূন্য হাতে যে ভালোবাসা বিলায়, সে-ই পৃথিবীর সবচেয়ে ধনী।

মানুষের জন্য যে কাঁদে, ইতিহাস তার নামই মনে রাখে চিরদিন।


লোভের মরুভূমি পেরিয়ে সে দানের বীজ বোনে,

এক ফোঁটা মমতা থেকেও বনভূমি জন্ম নেয় ক্ষণে।


তাই পৃথিবী যখন ক্লান্ত, বিভেদের দেয়াল তোলে,

ভালোবাসার আলো শেখায় আবার—হৃদয় হৃদয়ের দ্বার খোলে।


মানুষের মাঝে মানুষ খুঁজে, এ তার চিরন্তন জয়,

প্রেমই শেষ সত্য—এই বাণী যুগে যুগে অক্ষয়।


©® ড. সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url