স্বপ্ন, কলমে - সোহাগ অতনু

 

সোহাগ অতনুর ফটো











স্বপ্ন
সোহাগ অতনু


—শুভ্র, যাসনে বাবা! দেখ আমাদের এই ছোট্ট পরিবার, খেতের ধান-চাল, আঙিনার সবজি, গোয়ালের গরুর দুধ, হাঁস-মুরগি—যা আছে, দিব্যি চলে যায়। তোকে ছাড়া আমি কেমন করে থাকব বাবা?
—মা, তুমি বুঝতে পারছ না। তুমি কি চাও তোমার ছেলে সারা জীবন চাষা-ভুষা হয়ে থাকুক? ওটা ঢাকা। কত রকম সুযোগ! চাকরি, ব্যবসা—অনেক কিছু করার আছে। আমাকে সফল হতেই হবে।
—বড় গাছে নাও বাঁধতে যাসনে বাবা! পরে দেখবি কাছিতে নাগাল পাবে না।
—অমন অলক্ষুণে কথা বলো না তো মা! যাচ্ছি কোথায়, আশীর্বাদ করবে তা না...
—না রে বাবা, সন্তানের জন্য মা আশীর্বাদ কোষে কোষে পোষে। সে কথা মুখে বলতে হয় না।


অতঃপর ঢাকার উদ্দেশ্যে যাত্রা করল শুভ্র।
পথে বাসের জানালা দিয়ে অপলক তাকিয়ে থাকে বাইরে। না প্রকৃতি দেখে, না মানুষের জীবন দেখে; দেখে কয়টা গাড়ি তাকে পেরিয়ে যাচ্ছে, কোনটা কোন ব্র্যান্ড। শত গাড়ি তাকে পেছনে ফেলে যায়। চারপাশে সব ধনী মানুষ, কেবল নিজেকেই শুভ্র গরিব ভাবে। সংকল্প আরও দৃঢ় হয়। সফল তাকে হতেই হবে।
বাস থেকে নেমে ফুটপাথ দিয়ে হাঁটতে থাকে। পাশ দিয়ে চলে যাওয়া অডি, বিএমডব্লিউ, রেঞ্জ রোভার দেখে চোখ চকচক করে ওঠে শুভ্রর। জানালার কাঁচে নিজেকে দেখে নেয় বারবার।
যানজটে আটকে থাকা একটি কালো রঙের মার্সিডিজের জানালার কাঁচে নিজের প্রতিবিম্ব দেখে চুল আঁচড়ায়। কাঁচটা এত গাঢ় ছিল যে ভেতরে কেউ বসে আছে, সে বুঝতেই পারেনি।
একবার চুল ঠিক করে, আবার জামার কলার টানে। তারপর নিজের মুখ দেখে মুচকি হাসে।
হঠাৎ জানালার কাঁচ নেমে যায়।
এক পরমা সুন্দরীর মুখ ভেসে ওঠে শুভ্রর সামনে।
—অনেকক্ষণ ধরে কী দেখছ?
—জি... আমি?
—হ্যাঁ, তুমি! কাঁচের ভেতরে একজন মেয়ে বসে আছে দেখেও ভাঁড়ামি করছ?
—না, না, আমি আসলে...
—কখনো ভ্রু নাচাও, কখনো হাসো, কখনো চুল ঠিক করো! কী ভাবছ? আমি কিছু বুঝি না?
—আপনি ভুল বুঝছেন...
মেয়েটি গাড়ি থেকে নেমে কষে এক চড় মেরে দেয়।
—জানোয়ার! লম্পট! তোদের মতো বদমাশদের জন্য মেয়েরা রাস্তায় বের হতে পারে না!
মুহূর্তে জড়ো হয়ে যায় অসংখ্য লোক। কেউ কিছু না বুঝেই মারতে শুরু করে।
তাদের মধ্য থেকে একজন বলে ওঠে—
—তোর এই নষ্ট চোখ আমি রাখব না!


—খেয়ে নে বাবা, আমাদের গাছের পেঁপে। তুই নিজের হাতে লাগিয়েছিলি।
—ঘ্রাণ পাচ্ছো মা? শিউলি ফুলের? অনেক দিন শিউলি তলায় যাইনি। আমাকে একটু নিয়ে যাবে?
—আচ্ছা, খেতে খেতেই চল।
—গাছে অনেক ফুল ফুটেছে, তাই না মা?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url